সরকারপ্রধান কিংবা রাষ্ট্রপতির সঙ্গে ছবি নিয়ে কাউকে ট্যাগ দেওয়া উচিত না বলে মন্তব্য করেছেন সাংবাদিক আনিস আলমগীর। তিনি বলেন, কাউকে ট্যাগ দিতে মন চাইলে তাদের অপকর্মের তথ্য দিয়ে করেন।
বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আনিস আলমগীর লেখেন, শাইখ সিরাজকে একুশে পদক দিয়েছিল বিএনপি সরকার, আর আওয়ামী লীগ সরকার তাকে দিয়েছে স্বাধীনতা পুরস্কার।
অর্থাৎ দুই মহলেই তার গ্রহণযোগ্যতা বহু আগেই প্রমাণিত। এখন তিনি গণভবন থেকে টাঙ্গাইল গেছেন- এটা নিয়ে এত মাতামাতির কী আছে? আমি বরং মনে করি, একজন সাংবাদিকের যোগ্যতাই হওয়া উচিত সব মহলে গ্রহণযোগ্য থাকা।
তিনি বলেন, গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাক্ষাৎকার তিনি (শাইখ সিরাজ) নিয়েছিলেন, পুরোটা আমি দেখেছি। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি একজন সরকারপ্রধানের কৃষি ও খামারপ্রেম তুলে ধরেছিলেন- যেখানে বাড়াবাড়ি বা ভুয়া কিছু ছিল না।
গণভবন লুটপাটের সময় সেই প্রিয় প্রাণীগুলো তুলে নিয়ে যাওয়ার দৃশ্যও তো আমরা দেখেছি। সমালোচনা করতে হলে কাজের জায়গায় করুন- তথ্য ভুল ছিল কিনা, দালালি ছিল কিনা- সেগুলো নিয়ে কথা হোক। কে কার সঙ্গে গেল, কার সঙ্গে ছবি তুলল- এসব আসলে অপ্রাসঙ্গিক।
আনিস আলমগীর বলেন, এখানে ব্যক্তিকে নয়, অবস্থান ও দায়িত্বকে- অর্থাৎ সরকারপ্রধানের জায়গাটা- বিবেচনায় নেওয়াই বেশি জরুরি। এখন যদি জামাত রাষ্ট্র ক্ষমতায় থাকতো তাহলে তো আপনি তাকে শফিক সাহেবের সাথে দেখতেন। তখন নিশ্চয়ই খারাপ লাগত না। আমার তো লাগত না কারণ আমি মনে করি সরকার প্রধানের সঙ্গে কিংবা রাষ্ট্রপতির সঙ্গে কারো ছবি নিয়ে কাউকে ট্যাগ দেওয়া উচিত না, ট্যাগ দিতে মন চাইলে তাদের অপকর্মের তথ্য দিয়ে করেন।