Image description

নোয়াখালীর সদর উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ উঠেছে।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। লুট হওয়া তেলের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।

 

অভিযুক্ত মো. নিজাম উদ্দিন চৌধুরী আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী মেম্বারের ছেলে।

 

ভুক্তভোগী ট্রলার মালিক মো. সিরাজ মাঝি অভিযোগ করে বলেন, চট্টগ্রামে সাগরে মাছ ধরায় প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পর তাদের পাঁচটি ট্রলার লক্ষ্মীপুরের রামগতিতে স্থানান্তর করা হয়। এসব ট্রলারের জ্বালানির জন্য চট্টগ্রামের একটি ডিপো থেকে ২২০০ লিটার ডিজেল সংগ্রহ করা হয়। পরে গভীর রাতে তেলগুলো আন্ডারচর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে নিজাম ও তার সহযোগীরা তা আটক করে। একপর্যায়ে পিকআপ ভ্যানের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িসহ ডিজেল লুট করে নিয়ে যায়। পরদিন বুধবার (১৫ এপ্রিল) সকালে চৌধুরী বাজার সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি পাওয়া যায়।

 

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত নিজাম উদ্দিন বর্তমানে এক লাখ টাকা দাবি করছেন। টাকা দিলে তেল ফেরত দেওয়ার প্রস্তাবও দিয়েছেন। এ ছাড়া লুটের সময় চালকের কাছ থেকে নগদ এক লাখ টাকা ও একটি মেশিনের কুলার ছিনিয়ে নেওয়া হয়।

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন মো. নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘প্রকৃত লুটকারীদের বিষয়ে ভুক্তভোগী অবগত আছেন। কিন্তু তিনি তাদের নাম প্রকাশ করছেন না।’

 

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তিনি নিজেই তেল উদ্ধার করবেন বলে আমাকে জানান। ব্যর্থ হলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।