Image description
রাজধানীর মোহাম্মদপুর নিজস্ব প্রতিবেদক , ঢাকা রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় ইমন নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন । হামলায় তার হাত - পা বিচ্ছিন্ন হয়ে যায় । গতকাল রোববার বিকেল সাড়ে ৪ টায় বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে , নিহত ইমন ‘ অ্যালেক্স গ্রুপ ” নামের একটি কিশোর গ্যাংয়ের প্রধান । অপর একটি কিশোর গ্যাং তাকে কুপিয়ে হত্যা করেছে । এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে । এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে ।

ইমন ওরফে অ্যালেক্স ইমন নিহত ইমন ওরফে অ্যালেক্স ইমনের বিরুদ্ধে হত্যা , হত্যাচেষ্টা ও ছিনতাইসহ ১৮ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ । স্থানীয় সূত্ৰে জানা গেছে , রায়েরবাজার এলাকায় অ্যালেক্স ইমন গ্রুপ ও আরমান - শাহরুখ গ্রুপের মধ্যে

দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে । এর জের ধরে গতকাল প্রতিপক্ষ হামলা চালায় ইমনের ওপর । একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে , অস্ত্র হাতে একটি দল আরেকটি দলকে ধাওয়া করে । এই সময় ইমন পড়ে যায় । তার হাতেও ধারালো অস্ত্র ছিল । তবে প্রতিপক্ষের লোকজন যখন হামলা করে তখন অস্ত্র ফেলে বাঁচার চেষ্টা করে ইমন । তখন ধারালো অস্ত্র দিয়ে প্রতিপক্ষের লোকজন তার দুই পা , হাঁটু , হাতসহ শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয় । প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে , ইমন গতকাল বিকেলে বেড়িবাঁধ এলাকায় তার গ্রুপের সদস্যদের নিয়ে ঘুরছিল । ওই সময় প্রতিপক্ষ গ্রুপের সদস্যরাও সেখানে অবস্থান নেয় । একপর্যায়ে ইমন ও তার সহযোগীদের

ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন । ইমনকে কুপিয়ে ফেলে রেখে যাওয়ার পর অন্যরা তাকে উদ্ধার করে শহীদ মেডিকেল কলেজ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । ইমনের বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ( এসি ) আব্দুল্লাহ আল মামুন বলেন , অ্যালেক্স ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত কিশোর গ্যাং চক্রের মূল হোতা । সে অ্যালেক্স গ্রুপের নেতৃত্ব দিত । তার বিরুদ্ধে ছিনতাই , হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে । স্থানীয় সূত্র থেকে জানা যায় , হত্যাকাণ্ডে শাহরুখ , আরমান , কাইল্লা বাদল , কাল্লু , ইয়াসিন , চিকু শাকিল , ভান্ডারি ইমন , নেকেট শাকিলসহ অনেকে জড়িত । ঢাকা মহানগর পুলিশের ( ডিএমপি ) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ - পুলিশ কমিশনার ( এডিসি ) জুয়েল রানা বলেন , হামলার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা । গ্রেপ্তার তিনজন হলো — মো . সাইফ ( ২৩ ) , তুহিন ( ২০ ) ও মো . রাব্বি কাজী ( ২৫ ) । তারা সবাই ইমনের প্রতিপক্ষ গ্রুপের সদস্য । এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি , একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয় ।