গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবকাশ মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন ওসমানী, লেবার পার্টির জেলা সভাপতি সালমান খান বাদশা, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম নাঈম, সদর উপজেলা আমির মাওলানা ছিদ্দিকুর রহমান এবং পৌর আমির ইসাহাক আলী খানসহ অন্য নেতারা।
এ সময় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি কোনো দলীয় স্বার্থের বিষয় নয়; এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন। তারা অভিযোগ করেন, সরকার এ দাবিকে উপেক্ষা করে সময়ক্ষেপণ করছে। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
তারা আরো বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। প্রয়োজন হলে আবারও রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে।