Image description

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদ থেকে সরে যাওয়ার কারণ হিসেবে ‘কাজের অভাবকে’ দায়ী করেছেন সাংবাদিক আকবর হোসেন। তিনি বলেছেন, ‘দায়িত্বের এক পর্যায়ে তার মনে হচ্ছিল তার ব্রেইন নন-ফাংশনাল (মস্তিষ্ক অকেজো) হয়ে যাচ্ছে।’ 

রবিবার (১২ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে তিনি এ কথা বলেন।

আকবর হোসেন বলেন, ‘আমি লন্ডনে যাওয়ার কয়েক সপ্তাহের মাঝে বুঝে গেলাম যে এখানে প্রেস মিনিস্টারের যে কাজ, এটা আমি করতে পারব না বা এই কাজটা আমার জন্য নয়। গত এক বছর ধরে আমি ওখানে চেষ্টা করে দেখলাম যে এখানে কোনো প্রোডাক্টিভ কাজ সেই অর্থে নেই।’

তিনি বলেন, ‘আমরা যারা সাংবাদিকতা করি। তারা সব সময় নিউজ অনুসন্ধান করি, স্টোরি তৈরি এবং কাজের বাস্তব প্রভাব মূল্যায়নের সুযোগ থাকে।

কিন্তু প্রেস মিনিস্ট্রিতে যে কাজ, তাতে সেই কাজের কোনো ইম্প্যাক্ট আমি পাইনি।’

 

আকবর হোসেন আরো বলেন, ‘দীর্ঘদিন প্রতিদিন ১০-১২ ঘণ্টা কাজ করার অভ্যাস থাকলেও নতুন দায়িত্বে দিনে ১-২ ঘণ্টার বেশি কাজ না থাকায় আমার মনে হচ্ছিল, আমার ব্রেইন নন-ফাংশনাল হয়ে যাচ্ছে।’ পদত্যাগের পেছনে ব্যক্তিগত ও পারিবারিক কারণও উল্লেখ করেন তিনি।