Image description

গাজীপুরের কালিয়াকৈরে মধ্যপাড়া ইউনিয়ন আ. লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন তুলা মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ২০ থেকে ৩০ জন মিলে ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

এমদাদ হোসেন তুলা মিয়ার পরিবারের অভিযোগ, মধ্যাপাড়া ইউনিয়নের জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক তুষার ইমরানের নেতৃত্বে এই হামলা করা হয়। লুটে নেওয়া হয় নগদ টাকাসহ স্বর্ণালংকার।

এদিকে, জিয়া মঞ্চের নাম ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির নেতারা। তুষার ইমরানের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

 

প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগ নেতার পরিবার সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন তুলা মিয়ার বাড়িতে ২৫-৩০ জন ব্যক্তি রামদা, কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে হামলা শুরু করে। ওই সময় বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় এমদাদ হোসেন তুলা মিয়ার স্ত্রী নার্গিস বেগম এবং তার দুই পুত্রবধূ বাড়ির পেছনের দরজা দিয়ে বাইরে চলে যায়।

পরে হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। লুটে নেয় নগদ ৭ থেকে ৮ লাখ টাকা এবং অন্তত ১৬ থেকে ১৭ ভরি স্বর্ণালংকার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

 

এমদাদ হোসেন তুলা মিয়ার ছেলে তরুণ বলেন, মধ্যপাড়া ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. তুষার ইমরানের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল বাসার ভেতর প্রবেশ করে বাসার নিচতলা ও দোতলার আটটি রুমে থাকা চারটি আলমিরা, আটটি ওয়ার্ড ড্রপ ভাঙচুর করে নগদ ৭ থেকে ৮ লাখ টাকা এবং ১৫ থেকে ১৬ ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।

এদিকে, এ ঘটনার কিছুক্ষণের মধ্যেই মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা ওই আওয়ামী লীগ নেতার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আব্বাস হোসেন বলেন, জিয়া মঞ্চের নাম ব্যবহার করে তুষার বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। এমদাদ হোসেন তুলা মিয়ার বাড়িতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তুষারের এমন অপকর্মের দায় বিএনপি নেবে না। আমরা বিএনপির নেতাকর্মীরা তুষারসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত মধ্যপাড়া ইউনিয়ন জিয়া মঞ্চের সাধার সম্পাদক তুষার আহম্মেদ বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে এমদাদ হোসেন তুলা মিয়ার দুই ছেলেসহ তার সহযোগীরা গত কয়েকদিন আগে আমার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অভিযোগ করা হয়েছে। এখন তারা নিজেরাই নিজেদের বাড়িঘর ভাঙচুর করে আমার ওপর দায় চাপানোর চেষ্টা করছে।

কালিয়াকৈর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি রফিক মৃর্ধা বলেন, জিয়া মঞ্চের নাম ব্যবহার করে যদি কেউ অপকর্ম করে থাকে, তাহলে তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বলেন, জিয়া মঞ্চ বিএনপির কোনো অঙ্গসংগঠন নয়। তাই জিয়া মঞ্চের দায়ভার বিএনপি নেবে না। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা উচিত।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।