আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার হল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) না যাওয়ার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার সময় স্থানীয় সংসদ সদস্যরা (এমপি) সঙ্গী-সাথী নিয়ে হল পরিদর্শনে যেতে পারবেন না। পরীক্ষার্থীদের কোনোভাবেই বিরক্ত করা যাবে না।
তিনি আরও বলেন, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে কেন্দ্রসচিবদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির। সভায় বিভিন্ন শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।