খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় পদ্মা ডিপোর অভ্যন্তরে ট্যাংক লরি থেকে অকটেন চুরির অভিযোগে লরির চালক, ম্যানেজার ও চালকের সহযোগীসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা ডিপোর গেটের ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরার ভায়নার মোড়ে অবস্থিত ‘মা ফিলিং স্টেশন’-এর জন্য একটি ট্যাংক লরিতে অকটেন পরিবহনের সময় লরি থেকে অবৈধভাবে প্রায় ১০ লিটার অকটেন বের করে ড্রামে সংরক্ষণ করা হয়। ঘটনাটি প্রত্যক্ষ করেন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্য মোহাম্মদ সাদিক।
তিনি এ ঘটনার ছবি তোলে রাখেন।
পরে ঘটনাটি জানাজানি হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী অভিযুক্তদের মোট ১০ হাজার টাকা জরিমানা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।
জরিমানাপ্রাপ্তরা হলেন লরির চালক মোহাম্মদ ইমরান (৩৫), ম্যানেজার মোহাম্মদ রানা (৩২), চালকের সহকারী মোহাম্মদ বিল্লাহ (৩০) ও মোহাম্মদ সম্রাট (১৭)।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় এ ধরনের তেল চুরির ঘটনা মাঝেমধ্যেই ঘটে থাকে।
তবে প্রত্যক্ষদর্শীর মাধ্যমে হাতেনাতে ধরা পড়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে আরো কঠোর নজরদারির আশ্বাস দিয়েছে।