Image description

লেবাননে ইসরায়েলি বিমান হামলাকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির ‘নির্লজ্জ লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধবিরতির পরেও লেবাননে ইসরায়েলের এই আগ্রাসন মূলত চুক্তির প্রতি চরম অবজ্ঞা এবং প্রতারণার শামিল । ইরানের মিত্র লেবাননের ভাই-বোনদের তেহরান কখনোই একা ফেলে যাবে না এবং যে-কোনো পরিস্থিতির মোকাবিলায় তাদের আঙুল এখনো ট্রিগারেই রয়েছে। 

যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি সুখকর হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে চলমান আলোচনার কোনো সার্থকতা থাকবে না।’

উল্লেখ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গতকাল রাজধানী বৈরুত সহ সমগ্র লেবানন জুড়ে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। যুক্তরাষ্ট্র দাবি করছে, লেবানন যুদ্ধবিরতি আওতায় থাকবে না। যদিও শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইরানের পক্ষ থেকে লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্টের এই কড়া বার্তা এবং দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানের কারণে মাত্র কয়েক দিন আগে কার্যকর হওয়া এই সাময়িক যুদ্ধবিরতি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে এক বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।