জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ ৬ জন আসামিকে হাজির করা হয়েছে। মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার এই গ্রেপ্তার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হবে। ট্রাইব্যুনাল থেকে রায়ের সরাসরি সম্প্রচার করা হবে বিটিভি-তে।
ট্রাইব্যুনালে হাজির আসামিরা হলেন: পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎকালীন বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।
মামলার সংক্ষিপ্ত ইতিহাস অনুযায়ী, গত বছরের ২৪ জুন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। ৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয়। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন করা হয় এবং ২৭ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশি গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। দুই হাত প্রসারিত করে বুক পেতে দেওয়ার সেই ভিডিও দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে এবং পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়।
ঢাকাটাইমস