Image description

প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন মা। ঠিক সেই মুহূর্তেই তার চোখের সামনে ঘটে গেল জীবনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা।

অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিথর হয়ে গেল তার আদরের একমাত্র সন্তান বেলাল হোসেন (৫)।

বুধবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের শাহাজিপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

জানা যায়, বেলালের মা বেবি খাতুন প্রবাসী স্বামী রাকিবুল শাহর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। এসময় ছোট্ট বেলাল মায়ের পাশেই টেবিলের ওপর বসে খেলছিল।

টেবিলের ওপর থাকা একটি মাল্টিপ্লাগের পাশে খেলতে খেলতে হঠাৎ একটি পেরেক সেটির ভিতরে ঢুকিয়ে দেয় সে। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিস্তব্ধ হয়ে পড়ে শিশুটি।

কিছুক্ষণ পর কথা শেষ করে ছেলের শরীরে হাত দিতেই মা নিজেও বিদ্যুতের ঝাঁকুনিতে ছিটকে পড়ে যান। এসময় টেবিল থেকে নিচে পড়ে যায় বেলালের নিথর দেহ।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সমাজসেবক এনামুল হক জানান, ‘একটি অসাবধানতা কেড়ে নিল একটি নিষ্পাপ প্রাণ। ঘটনাটি এতটাই আকস্মিক যে কেউ বিশ্বাস করতে পারছে না।’

এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে বেলালের মা বেবি খাতুন শোকে পাগলপ্রায় হয়ে পড়েছেন। তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশী ও স্বজনদের চোখেও নেমে এসেছে অশ্রুর ধারা।

ওসি উত্তম কুমার দাস জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে পারিবারিকভাবে শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।