যুদ্ধ পরিস্থিতিতে পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালী পার হওয়ার জন্য যাত্রা শুরু করেছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে শান্তিচুক্তির ঘোষণার পর জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে রওনা দেয়।
ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতের মধ্যে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি হরমুজ প্রণালি পার হতে পারে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, বুধবার সকাল ৮টায় জাহাজটি যাত্রা শুরু করেছে। বর্তমান অবস্থান থেকে হরমুজ প্রণালীর প্রবেশমুখে পৌঁছাতে জাহাজটির প্রায় ৪০ ঘণ্টা সময় লাগবে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার রাতের মধ্যেই এটি নিরাপদ এলাকায় পৌঁছাবে।
বিএসসি সূত্রে জানা গেছে, এর আগে জাহাজটি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৯ হাজার টন স্টিল কয়েল নিয়ে গত ২৭ ফেব্রুয়ারি জেবেল আলী বন্দরে ভিড়ে। সেখান থেকে কুয়েত হয়ে ভারত যাওয়ার কথা থাকলেও ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ায় জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়ে।
বিএসসির মহাব্যবস্থাপক (চার্টারিং অ্যান্ড ট্রাম্পিং) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান জানান, জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছানোর পর সেখানে মোতায়েন করা ইরানের বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে। এরপর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বিএসসির চূড়ান্ত সিদ্ধান্তের পর জাহাজটি প্রণালি পার হবে।
যুদ্ধাবস্থায় আটকা পড়লেও জাহাজটির আয় বন্ধ হয়নি বলে জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। তিনি বলেন, জাহাজটি এক দিনও অলস বসে থাকেনি, আমরা নিয়মিত ভাড়া পেয়েছি। বর্তমানে জাহাজে ৩১ জন নাবিক রয়েছেন। তারা নিরাপদ ও সুস্থ আছেন। জাহাজে পর্যাপ্ত খাবার, পানি ও জ্বালানি মজুত রয়েছে। ইন্টারনেট সুবিধা থাকায় নাবিকরা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
মাহমুদুল মালেক জানান, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক বা ব্রাজিল—এই তিনটি গন্তব্যের যেকোনো একটিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। চার্টারার যে বন্দর নির্ধারণ করবেন, জাহাজটি সেদিকেই যাত্রা করবে।