Image description
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতাকর্মীদের ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। 
 
এ সময় ককটেল ও গুলি বর্ষণের মধ্য দিয়ে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুটসহ প্রাইভেটকার, মোটরসাইকেল ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।  
 
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে এই ঘটনা ঘটে।   
 
অভিযোগ উঠেছে, হামলার সময় জামায়াতের নেতাকর্মীরা রামদা, আগ্নেয়াস্ত্র নিয়ে বাজারে চারটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করে, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুট, শ্রমিক দলনেতা কাইয়ুম তালুকদারের ব্যক্তিগত প্রাইভেটকার ভাঙচুর এবং ঘটনার সময় বাজারে থাকা ১১টি মোটরসাইকেল ভাঙচুরসহ ৫টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। এ ছাড়া বাজারে আসা অন্তত ২০ জনের কাছ থেকে টাকা ও জিনিসপত্র ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
 
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন যাবৎ সিপি বাংলাদেশ কোম্পানিতে লেয়ার মুরগি পালন করে আসছে। ওই কোম্পানির মুরগির বিষ্ঠা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিষ্ঠা বিনামূল্যে নিয়ে বিক্রি করতো। তবে আওয়ামী লীগ পতনের পর বিএনপির নেতাকর্মীরা ওই কোম্পানির বিষ্ঠা নিতেন। 
 
কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে জয়লাভ করেন জামায়াত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এরপর থেকে জামায়াতের নেতাকর্মীরা সিপি বাংলাদেশ কোম্পানিতে লেয়ার মুরগির বিষ্ঠা নিজেদের দখলে নিতে প্রভাববিস্তার করে আসছিলো। এ নিয়ে জামায়াত ও বিএনপির মাঝে দ্বন্দ্ব চলে আসছে। 
 
সম্প্রতি এমপি মিলন কোম্পানির বিষ্ঠার জন্য ম্যানেজার সাদিকুর রহমানকে ফোন করেন। এতে দুইপক্ষের দ্বন্দ্ব আরও উসকে উঠে। 
 
এ সব ঘটনার জেরে গতরাতে দুইটা আলম এশিয়া বাস, মাহিন্দ্র, সিএনজি নিয়ে নিয়ে অন্তত দুই শতাধিক জামায়াত নেতাকর্মী নিয়ে সিপি বাংলাদেশ কোম্পানিতে ঢুকে ম্যানেজারের সঙ্গে অসদাচরণ করে দুই ট্রাক মুরগির বিষ্ঠা নিয়ে যায়। এ সময় হামলাকারীরা সেখান থেকে কাহালগাঁও বাজারে ঢুকে প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দেশীয় অস্ত্র প্রদর্শন করে গুলি চালাতে চালাতে বাজারে ঢুকে। এ ঘটনার ভিডিও ফুটেজ বিভিন্ন সিসি ক্যামেরায় ধরা পড়ে।  
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর ম্যানেজার মো. শামীম হক বলেন, ‘জামায়াতের অন্তত ২০০ নেতাকর্মী বাজারে হামলা চালিয়ে আমার ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।’
 
এ সময় গাজি কোম্পানির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ২ লাখ ৭ হাজার টাকা লুট করা হয় বলে অভিযোগ করেছেন কোম্পানির এক্সিকিউটিভ সুজন মিয়া। তিনি বলেন, রাতে হঠাৎ জামায়াতের নেতাকর্মীরা হামলা করে আমার ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর করেছে।
 
 
তালগাঁও বাজারের ইজারাদার আমিমুল ইসলাম বলেন, ‘হামলার সময় আমি বাজারে ছিলাম। হঠাৎ জামায়াতের নেতাকর্মী হামলা ও ভাঙচুর করে আমার ডিস্কোভার ১২৫ সিসি মোটরসাইকেলটি লুট করে করে নিয়ে গেছে।’ 
 
ঘটনার বিষয়ে সিপি বাংলাদেশ কোম্পানির ম্যানেজার সাদিকুর রহমান বলেন, ‘সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন জামাযাতের নেতাকর্মীদের মুরগির বিষ্ঠা দেওয়ার জন্য আমাকে ফোন করেছিল। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।’
 
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন।
 
তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ইতোমধ্যে লিখিত অভিযোগ হয়েছে এবং হামলায় জড়িত চার জনকে আটক করা হয়েছে।’
 
তবে ঘটনার বিষয়ে জানতে এমপি মিলনের বক্তব্য পাওয়া যায়নি।
 
এ বিষয়ে লিখিত বিবৃতি দিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ফজলুল হক শামীম ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক।
 
তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়, কাহালগাঁও বাজারে হামলা বা লুটপাটের ঘটনায় জামায়াত জড়িত নয়। তবে এই সন্ত্রাসী ঘটনায় আমরা দলীয়ভাবে উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মো. আ. মজিদকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্তে জামায়াতের কোনো নেতাকর্মী জড়িত থাকলে সাংগঠনিক ও আইনগত সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।