Image description

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার সংঘাতের ফলে উদ্ভূত অস্থায়ী যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (৮ এপ্রিল) মন্ত্রনালয়ের প্যাডে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে উদ্ভূত অস্থায়ী যুদ্ধবিরতিকে বাংলাদেশ স্বাগত জানাচ্ছে। বাংলাদেশ বিশ্বাস করে যে, এটি ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি।’

‘বাংলাদেশ প্রত্যাশা করে যে, সংশ্লিষ্ট সকল পক্ষ এই যুদ্ধবিরতির প্রতি সম্মান প্রদর্শন করবে এবং একটি স্থায়ী ও টেকসই সমাধানের লক্ষ্যে গঠনমূলকভাবে এই সুযোগকে কাজে লাগাবে, যাতে পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়। এই যুদ্ধবিরতি বাস্তবায়নে যেসকল পক্ষ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে, বাংলাদেশ তাদের সকলকে সাধুবাদ জানাচ্ছে।’

এছাড়া সকল বিরোধ শান্তিপূর্ণ সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব এবং উচিত বলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।