Image description

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সি মি উই ৫-এ রক্ষণাবেক্ষণ কাজের কারণে কয়েক দিন ইন্টারনেট সেবায় ধীর গতি বা আংশিক বিঘ্ন দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি (বিএসসিপিএলসি)।

আজ বুধবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়াকাটায় স্থাপিত সি মি উই ৫-এ একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রম আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে। মোট সময় লাগবে ৩ দিন ৮ ঘণ্টা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই রক্ষণাবেক্ষণ কাজের জন্য সি মি উই-৫ কেবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে গ্রাহকেরা ইন্টারনেটের ধীর গতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে এ সময় দেশের প্রথম সাবমেরিন কেবল সি মি উই ৪-এর মাধ্যমে বিকল্পভাবে ইন্টারনেট সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

বিএসসিপিএলসি জানায়, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরুদ্ধার করা যায়।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
শীর্ষনিউজ