চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাঙা মোবাইল ফোন মেরামত করে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে নুরতাজ আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে এই ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত নুরতাজ আক্তার ওই এলাকার আজাদুল ইসলামের বড় মেয়ে। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে সবার বড় ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নুরতাজ তার ভাঙা মোবাইল ফোনটি মেরামত করে দেওয়ার জন্য পরিবারের কাছে দাবি জানিয়ে আসছিল। মঙ্গলবার সকালে তার মা শাহনাজ বেগম ভাড়া তুলতে বাইরে যাওয়ার সময় নুরতাজকে কিছু টাকা দিয়ে ছোট ভাই-বোনদের জন্য কেনাকাটা করতে বলেন। ধারণা করা হচ্ছে, মোবাইল মেরামত করে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে তার ছোট বোনেরা বাড়িতে ফিরে নুরতাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
মেয়ের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ মা শাহনাজ বেগম বিলাপ করে বলছিলেন, এই মেয়েই ছিল তার সব। তাকে হারিয়ে তিনি এখন দিশেহারা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটিকে অভিমানজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।