রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের শীর্ষ তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং অর্থ পরিচালক পদে এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা এবং বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান শেভরনে কর্মরত। এছাড়া, গত কয়েক বছর ধরে শূন্য থাকা উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে বিমানেরই সাবেক কর্মকর্তা সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে। একই সঙ্গে সংস্থার পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিব উল্লাহ মঞ্জু।
নিয়োগের শর্তানুসারে, এই তিন কর্মকর্তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁদের এই পদে বহাল করা হয়েছে।
বিমানের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের শূন্য পদ পূরণের লক্ষ্যেই সরকারের এই পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ডিএমডি পদে নতুন নিয়োগের মাধ্যমে সংস্থাটির শীর্ষ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের স্থবিরতা কাটবে বলে আশা করা হচ্ছে।
শীর্ষনিউজ