যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বরসংলগ্ন ইজিবাইকস্ট্যাণ্ডে এই ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন কেশবপুর উপজেলার গহরভাঙা গ্রামের আনসার উদ্দিনের ছেলে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন গুয়াখোলা গ্রামে নজরুল মোল্যার বাড়ির ভাড়াটিয়া হিসেবে তার বাবা ও বোনকে নিয়ে বসবাস করতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে ইজিবাইকস্ট্যাণ্ডের ভেতরে এক যুবককে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল যুবক। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নিহতের বোন তাসনিয়া তাসিন তিশা জানান, তার বড়ভাই ফারুক হোসেন মানসিক প্রতিবন্ধী ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মরিয়ম মুনমুন বলেন, মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, চোর সন্দেহে পিটিয়ে আহত করা এক যুবককে নূরবাগ ইজিবাইকস্ট্যাণ্ড থেকে উদ্ধার করা হয়।
হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।