ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) হিন্দি বিভাগের জন্য ১৫০০টিরও বেশি বই উপহার দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) ঢাবি পরিদর্শনকালে তিনি এই বইগুলো প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সংশ্লিষ্ট শিক্ষকদের উপস্থিতিতে আধুনিক ভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘হিন্দি বই হস্তান্তর অনুষ্ঠান’-এ আনুষ্ঠানিকভাবে বইগুলো তুলে দেওয়া হয়।
জানা গেছে, উপহার দেওয়া বইগুলোর মধ্যে হিন্দি ভাষা ও সাহিত্যের বিভিন্ন গ্রন্থ, ভাষা শিক্ষার পেডাগজি এবং গবেষণাসংশ্লিষ্ট বই অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাবি সফরকালে হাইকমিশনার প্রণয় ভার্মা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিক্ষা ও গবেষণায় দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং সমঝোতা স্মারক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সফরের অংশ হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন।