জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
তবে তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটকের বিষয়টি নিশ্চিত এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে, শিরীন শারমিন চৌধুরী দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর আবদুল হামিদ স্পিকার নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে শিরীন শারমিন চৌধুরী স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে টানা এই পদে বহাল থাকেন। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হয়েছিলেন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর তার এই পদত্যাগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হয়।
এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। মামলাটি করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার, যা মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে দায়ের করা হয়।