কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জুয়া খেলার সময় জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার ভাইসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আশরাফুল আলম।
এর আগে বৃহস্পতিবার রাতে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া খারিজাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—গুনাইগাছ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুর রহমানের ছোট ভাই আমিনুল ইসলাম এবং একই এলাকার সাইদুল ইসলাম, সাদ্দাম হোসেন, ফয়জার রহমান, থেতরাই এলাকার আক্কাস আলী ও আশরাফুল ইসলাম।
স্থানীয়রা জানান, গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামে দীর্ঘ দিন ধরে জুয়ার আসর চলে আসছিল। সেখানে স্থানীয়সহ বহিরাগতরা রাতভর জুয়া খেলে। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, আটকদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে। কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে জুয়াড়িদের গ্রেপ্তার করতে পুলিশ প্রতিদিন অভিযান চালিয়ে আসছে। জুয়া নিমূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।