Image description

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আগামী দুই মাসের মধ্যে ঢাকার বিপুলসংখ্যক মানুষ স্থানান্তরে বাধ্য হতে পারেন।

 

শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের আগে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকার ধামৈচা জামে মসজিদে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা বলেন। লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ঢাকা থেকে যাওয়ার পথে তিনি সেখানে যাত্রাবিরতি করেন।

 

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রভাব ইতোমধ্যে বিভিন্ন দেশের অর্থনীতি, জ্বালানি ও খাদ্যব্যবস্থায় পড়তে শুরু করেছে। পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে বাংলাদেশের ওপরও এর প্রভাব তীব্র হতে পারে। এমনকি সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

 

সবশেষে তিনি দেশবাসীকে আগাম সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। বক্তব্য শেষে সংসদের হুইপ দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সবার কাছে দোয়া চান।