নারায়ণগঞ্জের বন্দরে মা-বাবার হাতেই নিজের নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ড বন্দরের বক্তারকান্দি এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তারকান্দি এলাকার দারুল হক মাদ্রাসার পেছনের মোজাম্মেলের বাড়ির ভাড়াটিয়া ওই দম্পতি বৃহস্পতিবার সকালে তাদের নবজাতক শিশুকে নিয়ে শীতলক্ষ্যা নদীর পাড়ে যান। সেখানে জনমানবহীন স্থানে ময়লা-আবর্জনার স্তূপের আড়ালে শিশুটিকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন তারা। এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এবং মা-বাবাকে হাতেনাতে ধরে ফেলেন।
নিজের সন্তানকে হত্যাচেষ্টার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ওই দম্পতিকে আটকে রেখে থানায় খবর দেন। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মা-বাবাকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনার এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের বিবেক কতটা নিচে নামলে নিজের নাড়িছেঁড়া ধনকে কেউ এভাবে নদীতে ফেলে মারার চেষ্টা করতে পারে? এমন অমানবিক কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, কেন এবং কী কারণে তারা এমন অমানবিক ও নৃশংস পথ বেছে নিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত নবজাতকটির শারীরিক সুস্থতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।