দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানী তেলে সংকট নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ প্রশ্ন তোলেন।
সংসদে সম্পূরক প্রশ্নে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী একটি বিবৃতি দিয়ে বলেছিলেন, জ্বালানী তেলের সংকট নেই। যারা যাচ্ছেন যথাযথ সেবা পাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে ক্রমান্বয়ে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে ।
আজ সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। রাস্তায় গাড়ির দীর্ঘ সারি, সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। কিন্তু দুঃখজনক বিষয় সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। জ্বালানিমন্ত্রী এই সমস্যাটি স্বীকার করার পরিবর্তে আগের মত সমস্যা এড়িয়ে যাচ্ছেন।
হাসনাত আব্দুল্লাহ মন্ত্রীর কাছে জানতে চনা, উনি (মন্ত্রী) কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং ক্রামান্বয়ে যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? সেই জায়গাতে ওনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে সমাধান দেবেন এবং ওনি প্রবলেমটি একনলেজ করবেন কি না।
জবাবে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে।
বিক্রি বেড়ে যাওয়ার ফলে এই পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল দিতাম একদিন দেড় দিন লাগতো বিক্রি করতে, এখন দুই ঘন্টায় শেষ হয়ে যায়।
সেজন্য মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না, পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়।