Image description

নওগাঁর পত্নীতলায় জ্বালানি তেল সংগ্রহ করতে গিয়ে এক যুবক নারী সেজে ধরা পড়েছেন। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার নজিপুর বাজার এলাকার ‘মেসার্স মামুন ফিলিং স্টেশনে’ এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বোরকা পরে নারীদের লাইনে দাঁড়িয়ে আগে তেল পাওয়ার চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন ওই যুবক।

 

প্রত্যক্ষদর্শী ও পাম্প কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জ্বালানি সংকটের কারণে বর্তমানে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যানবাহন মালিক ও কৃষকদের তেল সংগ্রহ করতে হচ্ছে। এই ভিড় এড়াতে এবং নারীদের সিরিয়ালে আগে তেল পাওয়ার সুযোগ নিতে এক যুবক বোরকা পরে পাম্পে আসেন।

পাম্পে উপস্থিত সাধারণ মানুষ ওই ব্যক্তির চলাফেরা দেখে সন্দেহ করেন এবং দ্রুতই বিষয়টি ধরে ফেলেন। বোরকা পরা অবস্থায় তাকে যুবক হিসেবে শনাক্ত করার পর সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক দেখে পাম্প কর্তৃপক্ষ দ্রুত ওই যুবককে সেখান থেকে সরিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

মেসার্স মামুন ফিলিং স্টেশন মালিকের ছেলে অভি জানান, বুধবার রাতে পাম্পে গ্রাহকদের সংখ্যা ছিলো অনেক। ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়েছে যানবাহন মালিকদের। এমন পরিস্থিতিতে তেল বিক্রি এবং পরিস্থিতি সামাল দিতে আমাদের হিমসিম খেতে হচ্ছে। এমন অবস্থায় রাতে বোরখা পড়ে এক যুবক তেল নিতে আসে পাম্পে। বিষয়টি প্রথমেই ধরে ফেলেন সাধারণ মানুষ। পরে পরিস্থিতি উত্তেজনার দিকে গেলে পাম্প কর্তৃপক্ষ সেই যুবককে দ্রুত সেখান থেকে পাঠিয়ে দেয়। 

তিনি আরও জানান, তেল সংকটের ফলে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে সাধারণ মানুষদের। নারীদের ক্ষেত্রে আগে তেল পাওয়ার আশায় হয়তো তিন এই কাজ করেছেন।