Image description

কুমিল্লার দেবিদ্বারে কুকুরকে লাথি দেওয়ার প্রতিবাদ করায় জুলুস মিয়া নামের এক কৃষকের গোপনাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (০১ এপ্রিল) রাতে উপজেলার সুবিল ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মধ্যপাড়ার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত জুলুস মিয়া (৫৫) পূর্ব নারায়নপুর গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় ওই গ্রামের সিদ্দিকের ছেলে কামাল হোসেন (৩৫) একটি কুকুরকে লাথি দেয়। এর প্রতিবাদ করেন কৃষক জুলুস মিয়া। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। যা পরে হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে জুলুস মিয়ার অণ্ডকোষে কামাল লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাতি আকাশ বলেন, আমি বাড়ির পাশে একটি মাচায় বসে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি আমার দাদা মাটিতে পড়ে আছেন, আর বাকিরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। এ সময় আনোয়ার নামে একজন দা নিয়ে আমার দিকে তেড়ে আসে। পরে স্থানীয়রা দাদাকে হাসপাতালে পাঠান। পরে জানতে পারি তিনি মারা গেছেন।

নিহতের বড় ছেলে ইব্রাহিম বলেন, আমার বাবাকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

দেবিদ্বার থানার ওসি মনির হোসেন বলেন, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।