Image description

রাজধানীর ফার্মগেট ও ইন্দিরা রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) সকাল থেকে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ফুটপাতে ব্যবসা পরিচালনাকারীদের কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল।

ম্যাজিস্ট্রেট বলেন, ‘ব্যবসায়ীদের জীবিকা বিবেচনায় রেখে তাদের সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে কেউ আবারও ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আজকের অভিযানে যারা ফুটপাতে দোকান চালাচ্ছিল তাদের বুঝিয়ে বলা হয়েছে, আপনারা এখান থেকে চলে যান। ভবিষ্যতে এই অভিযান চলমান থাকবে। দ্বিতীয়বার কেউ যদি এখানে দোকান বসায়, আমরা জরিমানা করবো ও মালামাল জব্দ করবো।’

তিনি উল্লেখ করেন, যারা অতিরিক্ত জায়গা ব্যবহার করেছেন, তাদের এক্সটেনশন উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি আবার এক্সটেনশন করে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযান শুরু হয় বেলা ১০টায় ফার্মগেট মোড়ে এবং আশেপাশের ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করা হয়।