নাটোরে প্লাস্টিকের বোতলে পেট্রোল না দেওয়ায় পেট্রোল পাম্পের এক কর্মচারীকে পিটিয়েছেন শাহীন হোসেন নামে এক যুবক। আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় নাটোর পেট্রোলিয়াম এজেন্সিতে এ ঘটনা ঘটে।
আহত পাম্প কর্মচারী সানু রায়কে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরের উত্তর চৌকিরপাড় মহল্লার পার্থ রায়ের ছেলে। এ ঘটনায় প্রায় ২০ মিনিট পাম্পে তেল বিতরণ বন্ধ থাকে। পরে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুলিশের আশ্বাসের পর তেল বিতরণ স্বাভাবিক হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও পেট্রোল পাম্পের কর্মচারী রমজান আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের হাফরাস্তা এলাকার শাহীন পেট্রোল পাম্পে গিয়ে প্লাস্টিকের বোতলে পেট্রোল দিতে বলেন। এ সময় পাম্পের কর্মচারী সানু তাকে তেল দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন বাঁশের লাঠি দিয়ে সানুকে পেটান। পরে পাম্পের লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।