Image description

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ‘ভুয়া’ ধর্ষণ প্রসঙ্গ তোলা এবং একটি রাজনৈতিক দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করা হয়েছে।

 

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার হরনী ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রতিবাদকারীরা ঝাড়ু হাতে সড়কে নেমে মিছিল করেন এবং সংশ্লিষ্ট বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দুঃখজনক। সংসদে দেওয়া বক্তব্যের জন্য হান্নান মাসউদকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

 

বক্তারা আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ছোট করার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের আচরণ বন্ধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।