Image description

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগের ঘটনায় তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গণবিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে পাবলিক বাস থেকে চাঁদা নেওয়ার বিষয়ে গণমাধ্যমে রিপোর্ট এবং বিষয়টি সোশাল মিডিয়ায় প্রচার হয়। উক্ত বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যদি কেউ উল্লেখিত ঘটনার সাথে সম্পর্কিত কোন তথ্য/ভিডিও ক্লিপ সরবরাহ করতে চান; তবে তাদের নিম্নস্বাক্ষরকারীর নিকট যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

 

এতে আরও উল্লেখ করা হয়, তথ্য বা ভিডিও প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট তথ্য বা ভিডিও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত।