আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি।
রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান 'জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ (আদেশ নং ০১, ২০২৫) এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে' নোটিশ উপস্থাপনের পর আইনমন্ত্রী ফ্লোর নিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ৷ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ৷
আইনমন্ত্রী বলেন, আমি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী একটি প্রস্তাবনা মনে করছি ৷ এ বিষয়টি আলোচনার দাবি রাখে ৷ উনাদের পক্ষ থেকেও আলোচনা হবে আমাদের পক্ষ থেকেও আলোচনা হবে আমরা আলোচনা করতে চাই। তবে আলোচনার আগে একটু সময় প্রয়োজন যে কারণে বিরোধদলীয় নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করছি।
মন্ত্রী বলেন, আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি। আমরা জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা উপধারা কীভাবে ধরে এগিয়ে চলেছি সেটা আমরা দেখাবো ৷ সেই কারণে এ বইগুলো আপনাদের সামনে থাকা দরকার। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও দেখাতে চাই এরই মধ্যে জুলাই জাতীয় সনদের কোন কোন ধারা আপনারা লঙ্ঘন করেছেন সেটা আমরা উপস্থাপন করতে চাই।
তিনি আরও বলেন, মাননীয় স্পিকার আপনি একটি সময় নির্ধারণ করে দেন এবং এ চারটি বই তার সঙ্গে আমি অনুরোধ করব যদি সম্ভব হয় উনারা জানেন দুইটি অন্য বই লাগবে তিনটি বই লাগবে মদিনা সনদ তারপরে হপস, লকস, রুশোর সোশাল কন্টাক্ট থিওরির ওপরে যে বই এবং ১৯৭২ সালে আমাদের গণপরিষদ আদেশ যেটা ছিল যে আদেশ বলে বাংলাদেশের সংবিধান রচিত হওয়ার আগে যে প্রেক্ষাপটটা ছিল ৷ এ কয়েকটা বই আমি উপস্থাপন রাখার জন্য অনুরোধ করব ৷ আর একটি তারিখ নির্ধারণ করেন সেদিন আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই ৷