Image description

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) বেলা ১২ টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সমির বিশ্বাস (৪০), তিনি ওই গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে এবং অপু বিশ্বাস (২২), তিনি প্রকাশ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে খড়িবাড়িয়া গ্রামের মাঠে কৃষকরা পেঁয়াজ তোলার কাজ করছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে হালকা দমকা বাতাস শুরু হয়। এরই মধ্যে আকস্মিক বজ্রপাত হলে মাঠে কাজ করা কৃষকদের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই সমির বিশ্বাস ও অপু বিশ্বাস মারা যান।

একই সময় বজ্রাঘাতে আরও চারজন আহত হন। আহতদের মধ্যে রনজিত মাস্টার (৬৩) শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, বজ্রপাতে নিহত দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শীর্ষনিউজ