বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, তাই ঐতিহ্যবাহী আগের যে কোনো পোশাকে ফেরাতে সরকারের সর্বোচ্চ মহল কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অচিরেই এর সুফল সবাই পাবে।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
গত বছরের ১৪ নভেম্বর থেকে দেশের সব মহানগর পুলিশের সদস্যরা লৌহ রঙের নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেন। তবে, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে খোদ বাহিনীর ভেতরেই তৈরি হয়েছে অসন্তোষ। আগের পোশাকেই ফিরতে চান তরা।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর গত ২৮ ফেব্রুয়ারি পুলিশ সদরদপ্তর থেকে ৬৪ জেলার এসপি ও সব ইউনিট প্রধানের কাছে চিঠি পাঠিয়ে তিনটি বিষয় জানতে চাওয়া হয়। সেগুলো হলো- আগের পোশাকের পক্ষে কত শতাংশ পুলিশ সদস্য, কত শতাংশ বর্তমান পোশাকে খুশি, আর কত শতাংশ একেবারে নতুন পোশাক চান।
জরিপে বর্তমান পোশাকের পক্ষে মাত্র শূন্য দশমিক ৮৪ শতাংশ পুলিশ সদস্য আগ্রহ দেখিয়েছেন। আগের পোশাকে ফিরতে চান ৯৬ দশমিক ৫৭ শতাংশ পুলিশ সদস্য। এছাড়া বর্তমান কিংবা আগের নয়, একেবারে নতুন পোশাক চান ২ দশমিক ৫৯ শতাংশ পুলিশ সদস্য।