Image description

ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রতিবাদ মিছিল করেছে স্থানীয় জনতা। ‘নিষ্ঠুরতা আর কত, ষাঁড়ের লড়াই বন্ধ করো’ স্লোগানে শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকায় স্থানীয় জনতা এই মিছিলের আয়োজন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর বিভিন্ন সময়ে জগন্নাথপুর উপজেলা ও পার্শ্ববর্তী সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় ছোট-বড় শতাধিক ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ করে এই দুই উপজেলায় ইউরোপ প্রবাসীর সংখ্যা বেশি হওয়ায়, প্রবাসীদের আগমন উপলক্ষে এমন আয়োজন প্রায়ই দেখা যায়। তবে স্থানীয় সচেতন মহলের মতে, এই ধরনের আয়োজন পশুর প্রতি চরম নির্যাতনের শামিল। ষাঁড়ের লড়াই চলাকালে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে, যেখানে মানুষ আহত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি সুনামগঞ্জের সংসদ সদস্য কয়ছর এম আহমদ -এর দৃষ্টি আকর্ষণ করেন এবং উপজেলা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ষাঁড়ের লড়াই একটি কুসংস্কার, যা জাহেলিয়াতের যুগের বর্বরতাকেই স্মরণ করিয়ে দেয়। তারা আরও বলেন, আধুনিক ও মানবিক সমাজে পশুর প্রতি এ ধরনের নিষ্ঠুরতা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে এই অমানবিক আয়োজন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।