বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৭ মার্চ) সকালে বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বীর মুক্তিযোদ্ধা জিন্নাহ জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি এবং দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মহাজোটের প্রার্থী হিসেবে অংশ নেন। পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে আন্দোলন চলাকালে হত্যা ও হত্যা চেষ্টাসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।