মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে জয় বাংলা স্লোগান দেওয়ায় তাহমিনা আক্তার নামে এক নারীকে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ডিবি হেফাজতে নেওয়া তাহমিনা আক্তার লালবাগের প্রবাসী মো. আকবর হোসেনের স্ত্রী। তিনি আওয়ী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ হেফাজতে নেওয়ার আগে ওই নারী বলেন, তার স্বামী সৌদি প্রবাসী। তিনি আওয়ামী লীগের একজন কর্মী। তিনি তার তিন মেয়েকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিলে প্রথমে উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে।
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে আসেন ওই নারী। পরে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন।
তাকে আটক দেখানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এই মুহূর্তে তাকে আটক দেখানে হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।