Image description

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। গত ১৮ মার্চ অজ্ঞাত হ্যাকাররা এই দুই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। 

মঙ্গলবার (২৪ মার্চ) এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি জানান, হ্যাকাররা অ্যাকাউন্ট দুটি দখল করে নেওয়ায় সেগুলো ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার বা প্রতারণামূলক কর্মকাণ্ডের শঙ্কা তৈরি হয়েছে। জিডিতে বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ইতোমধ্যে জানানো হয়েছে।

প্রসিকিউটর জোহা জানান, অসাবধানতাবশত কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ ইনস্টল করার কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে। বিচারপতির মোবাইল ফোনটি সুরক্ষিত করা গেলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

প্রথমে গত ১৭ মার্চ বিচারপতির মোবাইল ফোনে অস্বাভাবিকতা দেখা দেয়। তবে শুরুতে তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে ২২ মার্চ বিষয়টি স্পষ্ট হলে প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সহায়তায় ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণকারী একটি সন্দেহজনক সফটওয়্যার সরিয়ে ফেলা হয়।

 
 

উল্লেখ্য, বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিরুদ্ধে চলা মামলার রায়দানকারী ট্রাইব্যুনালের দায়িত্বে রয়েছেন।