Image description

রাজধানীর কলেজ গেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে অভিযান চালিয়ে ছয়টি বেসরকারি হাসপাতাল ও একটি ব্লাড ব্যাংকে গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর দায়ে দুটি হাসপাতাল সম্পূর্ণ ও দুটি আংশিক বন্ধ এবং বাকি তিন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের দুটি দল সাতটি প্রতিষ্ঠান পরিদর্শন করে এ সিদ্ধান্ত দেয়।

অভিযানে দেখা যায়, একাধিক হাসপাতালে চিকিৎসার নামে চরম অরাজকতা চলছে। কয়েকটি প্রতিষ্ঠানের নিজস্ব ল্যাবরেটরি না থাকলেও রোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছিল ভুয়া প্যাথলজিক্যাল রিপোর্ট। এমনকি সংঘর্ষ বা গুলিতে আহত রোগীদের কোনো নিয়মনীতি না মেনে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছিল।

অভিযান শেষে ‘টিজি হাসপাতাল’ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়। সেখানে এনআইসিইউতে চারটি শিশু ভর্তি থাকলেও কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। এমনকি প্রেসক্রিপশনেও চিকিৎসকের স্বাক্ষর পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ বিবেচনায় আরও কয়েকটি হাসপাতালের আইসিইউ ও এনআইসিইউ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

 

একই ভবনের ‘প্রাইম হাসপাতালেও’ চরম অনিয়মের চিত্র পাওয়া যায়। সেখানে বৈধ ল্যাব না থাকলেও রোগীদের ভুয়া রিপোর্ট দেওয়া হচ্ছিল। এছাড়া গুলিবিদ্ধ বা সংঘর্ষে আহত রোগীদের গোপনে চিকিৎসা দেওয়ার প্রমাণও মিলেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুসন্ধানে আরও জানা যায়, অ্যাম্বুলেন্সের চালক ও দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে রোগীদের ভুল বুঝিয়ে এসব হাসপাতালে আনা হচ্ছিল। এক রোগীর স্বজন জানান, সরকারি হাসপাতালে চিকিৎসক না থাকার সুযোগ নিয়ে দালালরা প্রলোভন দেখিয়ে তাদের এসব বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে আসেন।

অভিযান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু হোসেন মঈনুল আহসান বলেন, ‘আমরা একাধিক ক্লিনিক ও আইসিইউ বন্ধ করার মতো পরিস্থিতি পেয়েছি। একটি ব্লাড ব্যাংকও বন্ধ করে দেওয়া হচ্ছে। মহাপরিচালকের নির্দেশক্রমে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

এদিকে স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ‘বিগত কয়েক দশকের পুঞ্জীভূত সমস্যা রাতারাতি সমাধান সম্ভব না হলেও পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি।’

এর আগের দিন রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে সেটি সিলগালা করা হয়।