ছোটবেলা থেকেই মানুষের সেবা করার স্বপ্ন দেখতেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তাই অভিনয় জগতে আসার অনেক আগেই তার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। এশিয়া পোস্টের ঈদ স্পেশাল অনুষ্ঠান এপি স্টারে এসে নিজের শৈশবের সেই স্বপ্নের কথা জানান তিনি।
সাবিলা নূর বলেন, ‘ছোটবেলায় আমি ভাবতাম বড় হয়ে ডাক্তার হব। মানুষের পাশে দাঁড়াব, তাদের চিকিৎসা করব—এই চিন্তাটা আমাকে খুব অনুপ্রাণিত করত।’ তবে সময়ের সঙ্গে সঙ্গে তার আগ্রহের জায়গা বদলে যায় এবং তিনি মিডিয়া জগতে কাজ শুরু করেন।
তিনি আরও জানান, অভিনয়ে আসাটা একেবারেই পরিকল্পিত ছিল না। শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে, এরপর ধীরে ধীরে নাটকে অভিনয়ের সুযোগ পান। নিজের পরিশ্রম ও অভিনয় দক্ষতার মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকের মন জয় করেন তিনি।
বর্তমানে ব্যস্ত এই অভিনেত্রী ঈদে মুক্তি পাওয়া তানিম নূর নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছুটে যাচ্ছেন বিভিন্ন হলে। এই সিনেমায় তার চরিত্রের নাম চিত্রা। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শরীফুল রাজ। ‘বনলতা এক্সপ্রেস’-এ আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলাসহ অনেকে।