Image description

মেয়ে ও জামাইয়ের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাত্রা করেছিলেন যশোরের চৌগাছা উপজেলার সিরাজুল ইসলাম ও কোহিনুর বেগম। কিন্তু সেই যাত্রা পরিণত হলো তাদের জীবনের শেষ যাত্রায়। রোববার (২৩ মার্চ) কুমিল্লার পাদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে প্রাণ হারান ওই দম্পতি।

 

নিহতরা দম্পতি হলেন—সিরাজুল ইসলাম (৬২) ও কোহিনুর বেগম (৫৫)। তারা চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের আজমতপুর গ্রামের বাসিন্দা।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২১ মার্চ) ঈদের দিন তারা মেয়ের বাড়ি লক্ষ্মীপুরের রতনকাটি গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। যশোর থেকে ‘মামুন পরিবহন’-এর একটি বাসে করে রওনা হন। পথে কুমিল্লার পাদুয়ার বাজার রেলক্রসিংয়ে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই ১২ যাত্রী নিহত হন, তার মধ্যে ছিলেন সিরাজুল ও কোহিনুর।

 

পরিবারের সদস্যরা জানান, রাত ৩টার পর থেকেই তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ সম্ভব হয়নি। পরে দুর্ঘটনার খবর পেয়ে মেয়ে জামাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তাদের নিথর দেহ শনাক্ত করেন।

 

 

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সিরাজুল ও কোহিনুরের জন্য পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবর খনন করা হয়েছে। আগামীকাল সোমবার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হবে।

 

নিহতের মেজো ভাই নুর ইসলাম বলেন, ‘ভাই আর ভাবি এই প্রথম ঈদে মেয়ের বাড়ি যাচ্ছিল। কিন্তু আল্লাহ যা লিখে রেখেছেন, তা তো আর বদলানো যায় না। আনন্দের বদলে আমাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।’

 

এ বিষয়ে চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘কুমিল্লায় দুর্ঘটনায় নিহতদের মধ্যে চৌগাছার দুজন রয়েছেন। মরদেহ আনার পর নিজ এলাকায় দাফন করা হবে।’