Image description

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতা কেবলমাত্র দায়িত্ব। দায়িত্ব পালন করতে ক্ষমতা লাগে। কিন্তু দায়িত্বহীন কোনো ক্ষমতা নেই। পাহারাদারকে আমরা ক্ষমতা দেই, চোর-ডাকাত যাতে না ঢুকতে পারে।

দারোয়ানের ক্ষমতা কী বাড়ির মালিকানার ক্ষমতা? বাড়ির মালিক তো ঘুমায়, কিন্তু ক্ষমতা থাকে দারোয়ানের হাতে। কিন্তু বোকা দারোয়ান মনে করে, আমিই ক্ষমতাবান, আমিই মনে হয় মালিক। অতএব ক্ষমতাবান রাজনৈতিক নেতাদের বুঝতে হবে, আমরা সবাই কিন্তু একটা দারোয়ানের দায়িত্ব পালন করছি। ক্ষমতার মানে কিন্তু জনগণ।
আচার-আচরণে, চিন্তায়-ভাবনায়, কথা-বার্তায় কখনোই যেন আমাদের মধ্যে কোনো ঔদ্ধত্য প্রকাশ না পায়।

 

রোববার (২২ মার্চ) দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, আবার নির্বাচিত হতে না পারার ভয়ে নির্বাচন ব্যবস্থাকে তছনছ করে দেওয়া হয়েছিল। প্রশাসনকে দলীয়করণ করা, নির্বাচন কমিশনকে কুক্ষিগত করা হয়।

কিন্তু দেশের মালিক জনগণ তা ঠিকই বোঝে এবং টের পায়। একটা পদ্ধতিগতভাবে যখন জনগণের ক্ষমতা জোর করে দখল করে রাখতে চায়, তখন গণ-অভ্যুত্থান তৈরি হয়। বিস্ফোরণ তৈরি হয়। দুপুরের রান্না করা খাবার পর্যন্ত প্রধানমন্ত্রী খেতে পারেননি। আজ আমরা ক্ষমতাসীন দল।
এই উদাহরণ, এই দৃষ্টান্ত এবং এই রাজনৈতিক চিন্তা আমাদেরকে সবসময় মাথায় ধারণ করতে হবে। যাতে আমরা কখনই এই ভুল দ্বারা আক্রান্ত না হই। আমরা কখনোই এই ফ্যাসিবাদী মনোজগত দ্বারা আক্রান্ত না হই, আমরা কখনোই একটি স্বৈরতান্ত্রিক রোগে আক্রান্ত না হই। যে কারণে নেতৃবৃন্দকে সবসময় সজাগ থাকতে হবে।

 

মন্ত্রী আরও বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। আমি যদি সেটাকে দায়িত্ব মনে না করে, ক্ষমতা মনে করি—আমার সামনে পুলিশ, পেছনে পুলিশ, আমি বললে ইউএনও সাহেব কথা শুনেন, এসিল্যান্ড কথা শুনেন—এই রোগে সারাক্ষণ আক্রান্ত হয়ে পড়লে তাহলে জনসেবার কাজটা আর হবে না। একপর্যায়ে অতীতের শাসক এবং জনপ্রতিনিধিরা যেভাবে মানুষের কাছে নির্যাতিত হয়েছে, পীড়িত হয়েছে এবং শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে, একই পরিণতি আমাদেরও হবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ।