Image description

দেশের সার্বিক যাতায়াত ব্যবস্থার অব্যবস্থাপনা, সড়ক ও রেলপথে ক্রমবর্ধমান দুর্ঘটনা এবং সাধারণ মানুষের চরম ভোগান্তি নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

রোববার (২২ মার্চ) এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি উল্লেখ করেন, ২২ মার্চ রাত ৩টায় কুমিল্লায় একটি ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। তিনি বলেন, প্রতিনিয়ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, অথচ এ বিষয়ে সরকারের কার্যকর কোনো উদ্যোগ বা জবাবদিহিতা নেই, যা একটি সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় তিনি গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক রেল ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রমাণ করে পরিবহন খাতে চরম নৈরাজ্য ও অব্যবস্থাপনা বিরাজ করছে। এ জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অদক্ষতা, অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করেন। তার মতে, এ কারণেই সাধারণ মানুষ নিরাপদে চলাচলের ন্যূনতম নিশ্চয়তা থেকেও বঞ্চিত হচ্ছে।

বিবৃতিতে সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতার কথাও তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং রেলক্রসিংয়ে নিরাপত্তা ঘাটতিকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত, কঠোর তদারকি এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আরও বলেন, জনগণের জীবন রক্ষায় ব্যর্থ এই সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় দেশের মানুষই এর যথাযথ জবাব দেবে।