Image description

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন জাহেদ হোসেন ঠাকুর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলা সদরের বড়দেওয়ানপাড়া এলাকায় জানাজায় অংশ নেন তিনি।

 

জাহেদ হোসেন ঠাকুর উপজেলার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি বড়দেওয়ানপাড়ার জাহাঙ্গীর হোসেনের একমাত্র ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় জেলা কারাগারে আছেন জাহেদ হোসেন ঠাকুর। শনিবার ভোরে তার বাবা জাহাঙ্গীর ঠাকুর মারা যান। একমাত্র ছেলে হওয়ায় বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের সদস্যরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তার প্যারোলে মুক্তির আবেদন করেন।

 

আবেদনের পরিপ্রেক্ষিতে জাহেদকে বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে তাকে কারাগার থেকে বড়দেওয়ানপাড়ায় আনা হলে তিনি বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেন।

 
 

 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, বাবার জানাজায় অংশ নিতে এক আসামিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে বিকাল ৫টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।