Image description

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ভেঙে পড়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরও এক শিশু। শনিবার (২১ মার্চ) বিকাল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষ নদে পড়ে যায়।

 

নিহতরা হলো ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব এবং তার ১২ বছর বয়সী মেয়ে খাদিজা। এক শিশুর পরিচয় এখনও জানা যায়নি।

 

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে ভিড় করে স্থানীয়রা। অতিরিক্ত চাপের কারণে ভেঙে পড়ে ভাসমান সেতুটি। এতে নদে পড়ে যায় শতাধিক মানুষ। একে একে সকলে সাঁতার কেটে তীরে উঠলেও নিখোঁজ থাকে পাঁচ শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। এ সময় স্থানীয়দের সহায়তায় চার শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বাকিদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

 

ঈদের এই খুশির মধ্যে চার শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জে।