Image description

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজধানীর সামুরাই কনভেনশন সেন্টারে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন একদল মুসল্লি। ‘মুসলিম উম্মাহ বাংলাদেশ’-এর উদ্যোগে শুক্রবার (২০ মার্চ) দুটি পৃথক জামাতে এই নামাজ অনুষ্ঠিত হয়।

 

আয়োজকদের তথ্য অনুযায়ী, এ দুই জামাতে কয়েকশ মানুষ অংশ নেন। নামাজে অংশগ্রহণকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে হিজরি তারিখ ও সহিহ হাদিসের নির্দেশনা অনুসরণ করে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।

 

তাদের দাবি, এবারও তারা বাংলাদেশের তুলনায় একদিন আগে রোজা শুরু করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় ঈদের নামাজও আগেই আদায় করেছেন।

 

নামাজে অংশ নেওয়া অনেকেই বলেন, দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপনের পরিবর্তে সবাই যেন একই দিনে ঈদ পালন করতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

 

অন্যদিকে, জাতীয় চাঁদ দেখা কমিটির তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২১ মার্চ)।

 

এ তথ্য নিশ্চিত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, যিনি বায়তুল মোকাররমে অনুষ্ঠিত চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সিদ্ধান্ত জানান।