চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে আজাদ (৩৮) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আজাদ নতুনপাড়া গ্রামের বদরউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ আজাদকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত আজাদ জানান, তিনি নিজের আমবাগান দেখতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় কয়েকজন লোককে দৌড়ে পালাতে দেখেন। বাগান দেখে ফেরার পথে হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি চালালে আহত হন তিনি। তার ধারণা, অন্যদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত তাকে লক্ষ্য করে গুলি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘আজাদের হাত ও পিঠে অসংখ্য ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ছররা গুলির আঘাত। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।’
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যাটালিয়ন সূত্র জানায়, পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টির বিস্তারিত জানানো হবে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘সীমান্তে গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।’