রাজধানীর উত্তরা এলাকায় ‘উত্তরা স্কয়ার শপিং ও কমার্শিয়াল কমপ্লেক্সে’ ঘটে যাওয়া ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার দুই দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৯ মার্চ) তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রাখা জরুরি। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিদের মধ্যে আছেন মো. মনির আলম (৩২), মো. মজিবর রহমান (২০), মো. হৃদয় (১৯), মো. মঞ্জুরুল (৩২), মো. মহব্বত আলী (১৮), শাহ পরান (১৯), মো. শাকিল (১৯), মো. রশিদুল ইসলাম ওরফে আ. রশিদ (২৭), মো. সাজু (২৪), মো. লিটন (২৪) এবং জিহাদ (১৯)।
মামলার তথ্য অনুযায়ী, ১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে এক রিকশাচালক ও নিরাপত্তা রক্ষীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর ১৫–২০ জন অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক নিরাপত্তারক্ষী ও কমপ্লেক্সের কর্মীদের ওপর চড়াও হয়ে মারধর করে গুরুতর জখম করেন। ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৬০০-৭০০ জন উত্তেজিত মানুষ লাঠিসোঁটা ও রড নিয়ে কমপ্লেক্সে ঢুকে গ্লাস ভাঙচুর করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীকে ঘটনাস্থলে পাঠাতে হয়। উত্তেজিত জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল ছুঁড়ে এবং রাস্তায় আগুন ধরিয়ে দেয়।
উক্ত ঘটনার পরই কমপ্লেক্সের ইলেক্ট্রিশিয়ান আরিফুল ইসলাম সোমবার (১৫ মার্চ) উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। পুলিশ পরবর্তীতে মঙ্গলবার আসামিদের গ্রেফতার করে এবং আদালতে তাদের দুই দিনের রিমান্ড আবেদন করেন, যা মঞ্জুর হয়।
শীর্ষনিউজ