জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মোজাহিদ বলেছেন, 'এই সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। তারা বিভিন্ন জায়গায় অনির্বাচিত দলীয় নেতাদের প্রশাসক বানিয়ে দেশকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আপনারা এতদিন বলতেন সরকার অনির্বাচিত প্রশাসক দিয়েছে। আর এখন একদিনেই ৪২ জেলা পরিষদ ও ১৩ সিটি কর্পোরেশনে প্রশাসক দিলেন। এটা কোন ধরণের গণতান্ত্রিক চর্চা, আমাদের বোধগম্য নয়।'
বুধবার বিকেল ৫টায় কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির জেলা শাখার আয়োজনে ইফতার ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, 'আমরা সরকারের ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে কখনো আইয়ুব খানের পরে এরকম হয়েছে কিনা আমাদের জানা নেই। আপনারা ফ্যাসিস্টের মতো আচরণ করছেন, ইচ্ছেমতো যাকে যেখানে ইচ্ছা বসিয়ে দিচ্ছেন। আপনারা নির্বাচন দিন, নির্বাচনে জিতে আসলে আমরা আপনাদের সম্মান করবো।'
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনি এনসিপি, যুবশক্তি, নারী শক্তি, ছাত্র শক্তি আর শ্রমিক শক্তি যাই হননা কেনো এমপির নাম করে কোন গরীব-নিরীহ মানুষের কাছে প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করলে আপনাকে ছাড় দেয়া হবেনা।
কুড়িগ্রাম জেলা যুবশক্তির আহ্বায়ক এম. রশিদ আলীর সভাপতিত্বে ও তারিকুজ্জামান তমালের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সাদিকুর রহমান এবং জেলা শ্রমিকশক্তির আহ্বায়ক মজনুজ্জামান মঞ্জু প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, রাজু আহমেদ রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, যুগ্ম সদস্য সচিব শাহজালাল সুমন প্রমুখ।