আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড হলে তাৎক্ষণিক বিচার করে শাস্তি দেবেন বিচারিক হাকিমরা। এছাড়াও নির্বাহী হাকিমরা রয়েছেন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে।
বুধবার (১৮ মার্চ) ইসির আইন শাখার উপ-সচিব মোহাম্মদ দিদার হোসাইনের সই করা এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।
এতে বলা হয়েছে, বর্ণিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক দায়িত্ব পালনকালে নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে তা অনুসন্ধানপূর্বক তিন দিনের মধ্যে প্রতিবেদন নির্বাচন কমিশনকে অবহিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের নিকট প্রেরণ করবেন এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার উক্ত অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশন সচিব বরাবর প্রেরণ করবেন এবং অতিসত্বর ওই প্রতিবেদন পিডিএফ ফরমেটে অত্র সচিবালয়ের আইন অনুবিভাগের উপসচিব (আইন বিষয়ক-১ শাখা) এর ইন্টারনাল অ্যাকাউন্টে প্রেরণ করবেন।
এছাড়া কোনো নির্বাচন-পূর্ব অনিয়ম যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর লঙ্ঘনজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১খ (৩) অনুচ্ছেদের আওতাধীন অপরাধ হিসেবে বিবেচ্য, তাহলে ওই নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি উক্ত আদেশের ৯১কক অনুচ্ছেদ মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে উক্ত অপরাধের বিচার করতে পারবেন। অনুসন্ধান ও বিচারিক কমিটি দায়িত্ব পালনকালে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩, ৭৫ ও ৭৭ এর আওতাধীন কোনো অপরাধ উক্ত আদেশের ৯১কক অনুচ্ছেদ মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারবেন।
অনুসন্ধান ও বিচারিক কমিটিতে শেরপুর এবং বগুড়ার যুগ্ম ও জেলা দায়রা জজকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে দুটি আসনের নির্বাচনের জন্য কাজ করছে দুটি কমিটি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন– বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এ আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।
অন্যদিকে বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন– বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।
এ আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।
আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ওই দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।