পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। নিলামে দল না পেলেও শেষ পর্যন্ত সরাসরি চুক্তির মাধ্যমে তাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এই দলে শরিফুলের সতীর্থ হিসেবে থাকছেন আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা, ফলে একই দলে দুই তরুণ গতির বোলারকে দেখা যাবে আসন্ন আসরে।
২৪ বছর বয়সি শরিফুলের জন্য এটি হতে যাচ্ছে পিএসএলে প্রথম অংশগ্রহণ। তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়ে পেশোয়ার জালমি জানায়, বাংলাদেশের এই বাঁহাতি পেসার তাদের বোলিং আক্রমণে নতুন শক্তি যোগ করবে।
জাতীয় দলের হয়ে তিন সংস্করণেই নিয়মিত খেলা শরিফুল সাম্প্রতিক সময়ে রয়েছেন দারুণ ফর্মে। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়্যালসের হয়ে ২৬টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। তার ইকোনমি রেট ছিল মাত্র ৫.৮৪, যা তার ধারাবাহিকতা ও নিয়ন্ত্রণের প্রমাণ।
তবে এমন পারফরম্যান্সের পরও পিএসএলের নিলামে অবিক্রীত ছিলেন শরিফুল। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। পরে সরাসরি চুক্তির মাধ্যমেই সুযোগ পেলেন এই বাঁহাতি পেসার।
শুধু শরিফুলই নন, এবারের পিএসএলে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এর আগে দল পেয়েছেন নাহিদ রানা, পারভেজ হোসেন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
নাহিদ ও পারভেজ শুরুতে নিলামে দল না পেলেও পরবর্তীতে ৬০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়েন। অন্যদিকে, মোস্তাফিজুর রহমানকে বড় অঙ্কের চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স, যেখানে তার সতীর্থ হবেন পারভেজ।
এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির হয়ে খেলবেন। এর আগে তিনি লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জয়ের অভিজ্ঞতাও অর্জন করেছেন।